দেশজুড়ে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। চৈত্র মাস আসার আগেই গরমের অনুভূতি বাড়ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১০ মার্চ) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটির।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, রোববার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে, ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবারও একই জায়গায় সর্বোচ্চ ছিল। ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, সোমবার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন তেঁতুলিয়া, রাজারহাট এবং টেকনাফে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী মঙ্গলবার ও বুধবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
- মঙ্গলবার তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও বুধবার রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
- মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার এই পরিবর্তনের ফলে দেশের বেশিরভাগ এলাকায় গরম আরও বাড়তে পারে, তবে কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত সাময়িক স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
