দেশব্যাপী নারী সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৪:২৫

দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা। সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। এসময় শিক্ষকরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি করেন।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিনা ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ বিষয়ে যৌন নিপীড়ন ও হয়রানি নিরোধ সেলের পরিচালক অধ্যাপক ড. সাবিহা ইসলাম বলেন, ‘দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রকাশ্যে সংঘটিত ঘটনাগুলোর ক্ষেত্রে অপরাধীদের ফাঁসির মতো কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি।’

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। আমরা দ্রুত ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা নিজেরা সচেতন থাকব কীভাবে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

ইত্তেফাক/এএস/এএইচপি