গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা রাশিয়ার

আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬:২৭

গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার (১০ মার্চ) নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্বীকৃতি বাতিল করেছে এবং দুই সপ্তাহের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

রাশিয়ায় যুক্তরাজ্যের দূতাবাসের দ্বিতীয় সচিব এবং প্রথম সচিবের স্বামীকে বহিষ্কারের ঘোষণা দিয়ে এফএসবি বলেছে, দূতাবাসের আড়ালে ব্রিটিশ গোয়েন্দাদের অঘোষিত উপস্থিতির প্রমাণ মিলেছে। আমাদের দেশে প্রবেশের অনুমতি নেওয়ার সময় তারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছে, যার ফলে রাশিয়ার আইন লঙ্ঘন হয়েছে।

যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে এই অভিযোগের জবাব দেয়নি। টেলিগ্রামে এফএসবি'র একটি পোস্টে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের সঙ্গে সম্পর্কিত একজন দূতাবাস প্রতিনিধিকে তলব করেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকাকালীন গোয়েন্দা কেলেঙ্কারির কারণে মস্কো এবং লন্ডনের মধ্যে পূর্ণমাত্রায় সম্পর্কের টানাপোড়েন চলছে।

২০১৮ সালে ব্রিটেন ও তার মিত্ররা রাশিয়ার দূতাবাসের কয়েক ডজন কর্মকর্তাকে বহিষ্কার করে। অভিযোগ তোলা হয়, বহিষ্কৃতরা সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট 'নোভিচক' দিয়ে প্রাক্তন ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগের চেষ্টার ঘটনায় গুপ্তচরবৃত্তি করেছিল।

ইত্তেফাক/এসকে