‘ইনসাফ’ সিনেমার পার্টি গানে কণ্ঠ দিলেন মিলা ইসলাম। এই গানে কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রে দীর্ঘ সাত বছরের বিরতি ভাঙলেন মিলা। তার গাওয়া এই গানের সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।
চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে ভীষণ উচ্ছ্বসিত মিলা। তার গাওয়া ‘ইনসাফ’ চলচ্চিত্রের ‘প্রেম পুকুরে বড়শি ফেলে আনবোরে ধরে’ এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার। খুব শিগগিরই এই গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
মিলার গাওয়া এই গানের চিত্রায়ণে অংশ নেবেন মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে মিলা বলেন, ‘দারুণ একটি গান। ইমন ভাই এই গানের জন্য আমাকে ভেবেছেন, এই কারণে তার প্রতি কৃতজ্ঞ আমি। এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি এখন আগের চেয়ে বেশি গান নিয়ে সিরিয়াস। সামনে আরো ভালো ভালো গান করতে চাই।’
সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ১৫ মার্চ থেকে ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং শুরু হবে।
