‘মানসিক ভারসাম্যহীন’ বেশে নারীবিদ্বেষী কাণ্ড, যুবক আটক

আপডেট : ১০ মার্চ ২০২৫, ২১:৩৭

সাভারের বিভিন্ন স্থানে এক যুবক নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড করছেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান নামের ওই যুবককে আটক করেছে সাভার থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, তিনি বিভিন্ন সময় মেয়েশিশু, কিশোরী ও নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কী ধরনের পোশাক পরা উচিত, সে কথা বলেছেন।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। 

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবীরসংবাদ সম্মেলনে বলেন, নারীদের উত্যক্ত করা এবং নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধির চেষ্টার অপরাধে খালিদ মাহমুদ ওরফে হৃদয় খানকে আটক করা হয়েছে। আমিনবাজারের মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি টিকটক করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারীদের হেয় প্রতিপন্ন করেছেন।

ইত্তেফাক/এসএএস