মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা চিঠি একটি আরব দেশ ইরানের কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
বুধবার (১২ মার্চ) মন্ত্রিসভার এক অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি জানান, ট্রাম্পের চিঠি পাঠানো হয়েছে, কিন্তু ইরান এখনো তা পায়নি। তবে কোন আরব দেশ চিঠি পৌঁছে দেবে, বিস্তারিত কিছু বলেননি তিনি।
এর আগে গত ৭ মার্চ ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এটিতে আলোচনা পুনরায় চালু করার আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্প প্রাথমিকভাবে ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর একটি ঐতিহাসিক বহুপাক্ষিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর থেকে তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপের প্রচারণা শুরু করেন, যা এখনো চলমান। তবে এখন ইরানের সঙ্গে একটি 'নতুন চুক্তি' নিয়ে আলোচনার কথা বলছেন।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আব্বাস আরাকচি বলেন, ইরান সবসময় সমান অবস্থান নিয়ে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। ইরানের সঙ্গে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

