খেলা থেকে ডেকে নিয়ে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, গ্রেপ্তার ১

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:২৭

বাড়ির পাশে খেলাধূলা করার সময় কৌশলে ডেকে নিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে পঞ্চগড়ে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে করা ধর্ষণ মামলায় এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে পৌরসভার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ। গ্রেপ্তার শরিফুল ইসলাম সৌরভের (৩০) বাড়ি একই এলাকায়। তিনি পেশায় রিকশাচালক। 

শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত প্রাথমিকভাবে পাওয়া গেছে বলে জানিয়েছে ডাক্তার। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মামলার বিবরণে বলা হয়, বুধবার বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে দেখতে পান। পরে ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভ শিশুটির বাবাকে মারধরও করেন।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা সৌরভের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা বলছেন, মাদকাসক্ত সৌরভের ৫ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর নিজ বাড়িতে ‘অসামাজিক কাজে’ জড়িত থাকার অভিযোগে প্রতিবেশীরা বিভিন্ন সময় সৌরভের বিরুদ্ধে সালিশ বৈঠক করছেন।

শিশুটির প্রতিবেশী মাহমুদ হাসান নিশাদ বলেন, আমরা মেয়েটির বাবা-মা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, সৌরভ শিশুটিকে যৌন নির্যাতন করেছে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আমরা এর উপযুক্ত বিচার চাই যাতে সমাজে এমন কেউ কিছু করার সাহস না পায়। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল কাশেম বলেন, প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। সংগৃহীত আলামত পরীক্ষা-নিরীক্ষা পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। 

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি মা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএস/এএম