ইরানের পারমাণবিক সমস্যার ‘রাজনৈতিক ও কূটনৈতিক’ সমাধান চায় চীন

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:০৬

ইরানের পারমাণবিক সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করা উচিত বলে মনে করে চীন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং যৌথ ব্যাপক কর্মপরিকল্পনার একটি পক্ষ হিসেবে চীন সর্বদা বিশ্বাস করে যে, ইরানের পারমাণবিক সমস্যাটি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সঠিকভাবে সমাধান করা উচিত।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বেইজিংয়ে ইরান, রাশিয়া ও চীন উচ্চ পর্যায়ের ত্রিদেশীয় আলোচনা করবে। এই আলোচনার আগে চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

মাও নিং বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আসন্ন বেইজিং বৈঠকটি হলো যোগাযোগ জোরদার এবং এই বিষয়ে আলোচনা পুনরুদ্ধারের জন্য চীনের একটি প্রচেষ্টা। চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থা বজায় রাখার পক্ষে।

মুখপাত্র সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার এবং সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন, যাতে বিষয়টি আর তীব্র না হয়, এমনকি সংঘাত এড়ানো যায়। নিং বলেন, চীন আন্তরিকভাবে আশা করে যে, সমস্ত পক্ষ একই দিকে কাজ করবে, আস্থা বৃদ্ধি করবে এবং সন্দেহ কমাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করবে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শুক্রবার (১৪ মার্চ) ত্রিপক্ষীয় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে থাকবেন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাওক্সু, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

চীন, রাশিয়া এবং ইরানের ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে। এই তিনটি দেশই চলতি সপ্তাহে 'সিকিউরিটি বেল্ট-২০২৫' নৌ মহড়া চালায়।

ইত্তেফাক/এসকে