ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধভাবে লিবিয়া গিয়েছিলেন এ সকল বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে তাদের বহনকারী একটি বিমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেয় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৬ বাংলাদেশি।
তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলির একটি বন্দিশিবিরে আটক ছিলেন। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থায় থাকার কারণে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
এর আগে, বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দেয়।
আগামী ১৯ ও ২৬ মার্চ আরও দু’টি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।
উল্লেখ্য, গত বছরের জুলাই থেকে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে।
সূত্র: বিবিসি

