সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে সব ম্যাচ দুবাইয়ে খেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেই চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। তবে টুর্নামেন্টজুড়ে তুমুল আলোচনায় ছিল তাদের বাড়তি সুবিধা পাওয়া।
সাবেক দুই ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটন থেকে শুরু করে অনেক বিশ্লেষক ভারতের ‘অন্যায্য’ সুবিধা পাওয়ার ব্যাপারটি তুলে ধরেছেন। সবার আগে অবশ্য এই প্রসঙ্গের উত্থাপন করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে তাদের সঙ্গে ঠিক একমত নন অজি পেসার মিচেল স্টার্ক।
ফ্যানাটিকস টিভি ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই এটা (এক ভেন্যুতেই খেলা) বাড়তি সুবিধা। কারণ, ক্রিকেটার হিসেবে আমরা বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সব সুযোগই পাচ্ছি, কিন্তু ভারতীয় ছেলেরা শুধু আইপিএলেই খেলে থাকে। কাজেই ওই ধারণা নিয়ে বসে থেকে লাভ নেই (ভারত বাড়তি সুবিধা পেয়েছে), কারণ অন্যরা বছরে পাঁচ-ছয়টি ভিন্ন লিগে খেলছে বিভিন্ন কন্ডিশনে। সাদা বলের ক্রিকেটে নানা জায়গায় নিজেদের প্রকাশ করার সুযোগ পাচ্ছে তারা।’
উল্লেখ্য, দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেয় না দেশটির ক্রিকেট বোর্ড। জাতীয় দল বা চুক্তিবদ্ধ ক্রিকেটাররাই শুধু নন, ভারতের যে কোনো পর্যায়ের ক্রিকেটে সক্রিয় কোনো ক্রিকেটার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না।
চোট ও ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেননি স্টার্ক। এ দিকে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় অবাক হননি বলে জানিয়েছেন এই অজি পেসার। তিনি বলেন, ‘ভারতের জয়ে অবাক হইনি। যদিও সত্যি বলতে, একটি বলও দেখিনি আমি (ফাইনালে)। চ্যাম্পিয়নস ট্রফিতে এমনিতেও খুব একটা খেলা দেখিনি। অস্ট্রেলিয়ার খেলা টুকটাক দেখেছি শুধু।’

