ভাই-বোনের হাতে হকিস্টিক 

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৯:০৫

হকি স্টেডিয়ামে ওমানগামী জাতীয় দলের অনুশীলন চলছে। দুপুরবেলা রকি, আমিরুল, মিমো, সারোয়ার, মিমোরা এক প্রান্ত হতে অন্য প্রান্তে লং হিট করছিলেন। বলের ওপর হকিস্টিকের হিটের আঘাতগুলো পটাশ পটাশ শব্দে পুরো স্টেডিয়াম ছড়িয়ে পড়ছিল। বাইরে বসে খেলা দেখছিলেন বিভিন্ন জেলা থেকে টুর্নামেন্টে খেলতে আসা নারী হকি দলের খেলোয়াড়রা। সেখানেই ছিলেন কিশোরগঞ্জের মেয়ে ফারদিয়া আক্তার রাত্রী। তার চোখ বড় ভাই রকির দিকে। 

রকি মনোযোগ দিয়ে অনুশীলন করছিলেন। অন্যদিকে অনুশীলন দেখছিলেন হকি ফেডারেশনের সদস্য শহিদুল্লাহ দোলন। সাধারণ সম্পাদক রিয়াজুল হাসানরা। দোলনই প্রথম বললেন, 'হকিতে এবারই প্রথম ভাইবোন জাতীয় দলের খেলোয়াড়। আগে ভাইভাই খেলেছে। কিন্তু ভাইবোন এটাই প্রথম।' 

রকি এখন দেশের প্রতিভাবান খেলোয়াড়। জাতীয় দলে রয়েছেন। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন, রকিকে নিয়ে গৌরবের শেষ নেই বোন রাত্রীর কণ্ঠে। 'খুব ভালো লাগে। আমরা ভাইবোন জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পেরেছি। দেশের জন্য কিছু করতে চাই। ভাইবোনেরে পরিচয়টা আছে থাকুক। দেশের জন্য কতটা দিতে পারছি সেটাও গুরুত্বপূর্ণ-বললেন রাত্রী। 

রাত্রী জানালেন তার পরিবারের অনেকেই খেলার সঙ্গে জড়িত। আমার ফুফি রোকেয়া পাঠান হ্যান্ডবল, ভলিবল খেলতেন। পরিবারে পাঁচ ভাইবোন। বড় দুই বোন খেলেছেন। পিংকি হ্যান্ডবল খেলেছেন, লিনা অ্যাথলেটিকস করেছেন। জাতীয় পর্যায়ে স্বর্ণপদকও জয় করেছেন। রাত্রী বলেন, 'লিনার হাজব্যান্ড মানে আমার দুলাভাই রকিকে হকিতে এনেছে। আমিও এসেছি হকিতে।' 

২০১৬ সালে কিশোরগঞ্জের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন স্কুল হকি খেলতে শুরু করেন। ২০২৩ সালে ওমানে ফাইভ এ সাইড হকিতে খেলেছেন, রাত্রী ছিলেন দলের অধিনায়ক। উজবেকিস্তানকে হারিয়েছেন ৭-২ গোলে। ওমানে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলে জিতেছিল, সেই ম্যাচে গোলও করেছিলেন রাত্রী। এই দুটি ম্যাচ রাত্রীর কাছে স্মরণীয়। 

রকি মাঠে নামার আগে মাথায় ব্যান্ড পরেন। ঘাম চোখে গড়িয়ে পড়ে। সেটা ঠেকাতেই সুন্দর দেখে ব্যান্ড কিনেছেন। স্টাইল করে মাঠে নামতে পছন্দ করেন রকি। গতকাল দেখা গেল এক পায়ে লাল মোজা, অন্য পায়ে সবুজ মোজা। ভাই রকির সঙ্গে দারুণ সখ্যতা রাত্রীর। হাসতে হাসতে বললেন, 'তাকিয়ে দেখেন ওর চুলে বেণি করা হয়। আমি এটা করে দেই। সকালে অনুশীলন থাকলে রাতে বেণি করার দায়িত্বটা আমি নিয়ে থাকি। চুলে বেণি করা রকির পছন্দ।' রকি খুব চঞ্চল, আপত্তি বোন রাত্রীর। 'না না, ও খুব চুপচাপ। বাসায় চুপচাপ থাকে। কথা কম বলে।' একই পরিবার থেকে ভাইবোন হকি খেলছে, কেমন লাগে? 'ভালো। আমার পছন্দ হয়। আগে খুব ভয় পেতাম। এখন ভয় লাগে না। এই খেলাটায় মেয়েদের আসা উচিত।' 

ইত্তেফাক/জেডএইচ