মধ্যরাতে বিজেপি নেতার সঙ্গে পুলিশের থাপ্পড় লড়াই, ভিডিও ভাইরাল

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৭:৪২

ভারতের কর্ণাটকে মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে একজন বিজেপি নেতা ও পুলিশ কর্মকর্তার মধ্যে থাপ্পড় লড়াই হয়েছে। রাজ্যটির রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে চিত্রদুর্গ এলাকার এমন ঘটনার ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে।

শনিবার (১৫ মার্চ) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এটা দেখে মনে হচ্ছিল যেন একটা 'ক্ষমতার থাপ্পড়ের প্রতিযোগিতা'। কর্ণাটকের একজন পুলিশ এবং একজন বিজেপি নেতার মধ্যে খেলাটি হয়। থাপ্পড় মারার এই ম্যাচটির ভিডিওটি এখন ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্যরাতে স্থানীয় একটি সড়কে কিছু লোকজন জড়ো হয়। স্থানীয় সাব ইন্সপেক্টর গাদিলিঙ্গ গৌড়দার তাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দেন।

আর এতেই ক্ষুব্ধ হন মধুগিরি বিজেপি জেলা সভাপতি হনুমন্ত গৌড়া। তিনি পুলিশ সদস্যকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ।

ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ সদস্যটি প্রথমে একটি থাপ্পড় মারছে। সঙ্গে সঙ্গেই লড়াই শুরু হয়। ধাক্কাধাক্কি চলে। এ সময় বিজেপি নেতা পাল্টা আঘাত করছেন পুলিশকে। এরপর একজন ব্যক্তি যখন লড়াই থামানোর চেষ্টা করছেন, তখন পুলিশ সদস্যটি ফের পাল্টা আঘাত করেন। এ ঘটনায় উভয় পক্ষ থেকেই পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এসকে