প্রতিবছরের মতো এবারও রমজান উপলক্ষে ইসলামিক ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘কাফেলা’ নির্মাণ করলেন শাহ মোল্লা লালন। এটি মূলত ধারাবাহিক ইসলামিক ডকুমেন্টারি। একযোগে প্রচার হচ্ছে চারটি টেলিভিশনে। সৌদি আরব, মিশরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনা, সেখানকার ইসলামের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে অনুষ্ঠানে।
ইসলামিক ভ্রমণবিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে শিশুদের কাছেও বেশ জনপ্রিয়। রমজান মাস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন এই পবিত্র মাসটিকে ইফতারের আগে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আলতামাস মাহমুদ, কারি হাসান মহিবুল্লাহ, মহসিন উদ্দীন ও হাবিবুর রহমান। এ ছাড়া ইসমত আবু ত্বোহা স্থাপনার বর্ণনা দিয়েছেন।
এটি ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে একাত্তর টিভি, দেশ টিভি, নিউজ২৪ ও জিটিভিতে। ৫টা ১৫ মিনিটে একাত্তর টিভিতে সম্প্রচার হচ্ছে ‘দ্বীনি কাফেলা’, ৫টা ৩০ মিনিটে দেশ টিভিতে ‘মিশরে মুসাফির’, একই সময়ে নিউজ ২৪-এ ‘আরাবী মুসাফির’, ২টা ১৫ মিনিটে সম্প্রচার হচ্ছে জিটিভিতে ‘মরুতে মোহাম্মদ (স.)’। অনুষ্ঠান বিষয়ে নির্মাতা শাহ মোল্লা লালন বলেন, ‘ভ্রমণপিপাসু এবং দীনদার মানুষের কাছে এই অনুষ্ঠানটি একটি অন্যতম আকর্ষণ।
ভবিষ্যতে আমি এটিকে আরও বিশদ আকার দিতে চাই, যাতে করে ইসলামিক সব দেশ, তাদের ঐতিহ্য এবং নবী-রাসুল ও সাহাবি ইকরামগণের জীবনী আরও ব্যাপকভাবে আমার এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরতে পারি।’ তিনি আরও বলেন, আগামী বছর এর প্রসার ঘটবে মালয়েশিয়া, জর্ডান ও টার্কির মতো দেশগুলোতে।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নির্মাতা বলেন, এই মুহূর্তে তিনি তার নিজস্ব প্রতিষ্ঠান ‘পার্বণ মিডিয়া লিমিটেড’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিষ্ঠানের ব্যানারে টিভিসি, ডকুমেন্টারি, মিউজিক, নাটক, ওয়েব সিরিজ, রিয়েলিটি শো এবং ধারাবাহিকের কাজ চলছে। এ ছাড়া তিনি তারেক রহমানের ৩১ দফার ২৭ দফা কৃষি সংস্কারের ‘কৃষি কথা’ নামে একটি ডকুফিল্ম তৈরি করেছেন।
