গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় হাফেজ জোনায়েদ আলী (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শাহপাড়া খলসি বটতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েদ আলী সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর মিয়ার ছেলে এবং চকরহিমাপুর নূরানী মাদ্রাসায় শিক্ষক ।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন জোনায়েদ আলী। ঐ সময় দিনাজপুরমুখি দ্রুতগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ট্রাকটি নিহত জোনায়েদ আলীর মোটরসাইকেল ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নি। পরিবারের সদস্যদের ইচ্ছায় পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
