গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৯:১২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে ওই গ্রামে এই ঘটনা ঘটে।

একই দিনে সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিজ বাড়ির পাশে খেলছিল। সেই সময় অভিযুক্ত ওই শিশুটিকে গল্প শোনানোর কৌশলে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীর মুখ চেপে ধরে অভিযুক্ত ধর্ষণ করে। পরবর্তীতে বাড়িতে গিয়ে অভিযুক্ত বাবা-মায়ের নিকট এই ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকাবাসীর নিকট অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে। 

ফুলছড়ি থানার ওসি খন্দকার মো.হাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় এনেছে। 

তিনি আরও জানান, নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন ভুক্তভোগীকে। শারীরিক পরীক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শিশুটির পিতা বাদী হয়ে ইতোমধ্যে থানায় মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি