ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:২৩

বর্তমানে পুরো বাংলাদেশ মেতেছে হামজা চৌধুরী উন্মাদনায়। বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার। হামজা উন্মাদনায় কিছুটা আড়ালে থেকে গেছে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল হক। 

সৌদি আরবের তায়েফে জাতীয় দলের সঙ্গে সপ্তাহ খানেক ক্যাম্প করেছেন ফাহমিদুল। তাকে নিয়েও ছিল বেশ প্রত্যাশা। সৌদিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার। 

মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফ থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে দেশে ফিরেননি ফাহমিদুল। সৌদি থেকেই ইতালিতে ফিরে গেছেন তিনি।

ফাহমিদুলের ফিরে যাওয়া প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি গেছে। জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব কিছু বিচার-বিবেচনা করেই ফাইনাল স্কোয়াড ঠিক করবেন।’ 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে ভারতের শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বে  বাংলাদেশ দল। ফাহমিদুল ইতালি চলে যাওয়ায় প্রাথমিক স্কোয়াড এখন ৩০ থেকে ২৯ এ দাঁড়িয়েছে। তবে এই ২৯ জন থেকে ২৩ জনকে বেছে নেওয়াও কিছুটা কঠিন হবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার জন্য।

ইত্তেফাক/জেডএইচ