আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় বাসের হেল্পার খুন

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৩:২৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। সে পেশায় একজন বাসের হেল্পার ছিলেন।

নিহত যুবকের ভাই মোহাম্মদ বাবুল বলেন, তার ভাই মানিক স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে। এনিয়ে গতরাতে দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। এসময় আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। এরপরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মানিককে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

ইত্তেফাক/এএস/এএইচপি