আবর্জনার স্তূপ থেকে যুবকের মুখ বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৬:৪৬

গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় আবর্জনার স্তূপের নীচ থেকে কাপড় দিয়ে মুখ বাঁধা ও মাথা থেতলানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে উপজেলার মহেশপুর এলাকায় লাশটি পাওয়া যায় বলে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু জানান।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে।

স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে স্তুপকারের আবর্জনায় অর্ধঢাকা কাপড়ে মুখবাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় তারা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে আবর্জনার স্তূপে স্থানীয়রা একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় সিআইডির সহায়তা চাওয়া হয়েছে। রংপুর থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।

 

ইত্তেফাক/এমএএস