শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১১:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আব্দুল খালেদ (২৫) একই গ্রামের আনিছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে অভিযুক্ত বিটঘর গ্রামের উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরবর্তীতে, স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। বুধবার বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় লোকজন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, গনধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি