সুজানগরে ৬ হাজার টিউবওয়েল বন্ধ, তীব্র পানিসংকট

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৫:৪১

চলতি চৈত্র মাসে সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন বাসাবাড়ি, অফিস-আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসাবাড়ি, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ থেকে ৬০ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। চলতি মৌসুমে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে গেছে। এতে ঐসব টিউবওয়েলের মধ্যে প্রায় ৬ হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে।

উপজেলার মানিকহাট গ্রামের বিল্লাল হোসেন খান বলেন, আমার বাড়ির টিউবওয়েলে গত ১০-১২ দিন ধরে পানি উঠছে না। পার্শ্ববর্তী বাড়ির একটি গভীর নলকূপ থেকে অনেক কষ্ট করে পানি টেনে এনে রান্নার কাজ চালাচ্ছি।

একই গ্রামের আব্দুল বাতেন বলেন, চৈত্র মাস আসার আগে থেকেই আমার টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। বর্তমানে দূরদূরান্তের সাবমারসিবল ও অগভীর টিউবওয়েল থেকে তারা পানি টেনে এনে রান্না এবং খাওয়ার পানির চাহিদা মেটাচ্ছি। তবে গোসলসহ অন্যান্য কাজকর্মে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোথাও কোথাও অগভীর তারা টিউবওয়েলেও পানি উঠছে না বলে জানান উপজেলার জোনারামচন্দ্রপুর গ্রামের পেঁয়াজ ব্যবসায়ী রওশন আলী। এতে সেচকার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ফাল্গুন ও চৈত্র মাসে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যায়। ফলে এ সময় গভীর এবং অগভীর তারা টিউবওয়েল ছাড়া হস্তচালিত সাধারণ টিউবওয়েল পানি ওঠে না। তবে ভারী বৃষ্টি হলে ঐসব বন্ধ টিউবওয়েল আবার সচল হয়ে যাবে।

ইত্তেফাক/এসএএস