সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। অভিযোগ রয়েছে আহত এই দুই বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে জড়িত।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মরকিটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট ব্যাটালিয়নের-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান।
আহত ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া ও একই এলাকার আক্তার হোসেন। সম্পর্কে তারা চাচা–ভাতিজা।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি মরকি টিলার ১২৬৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে গতকাল কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারত সীমান্তে প্রবেশের পর সেখানকার খাসিয়াদের সঙ্গে তাদের বিরোধ হয়। এ সময় খাসিয়াদের ছোঁড়া গুলিতে বাংলাদেশের দুজন আহত হন। পরে তারা বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, আহত ব্যক্তিদের পাঁয়ে ছররা গুলি লেগেছে। তারা আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তারা শঙ্কা মুক্ত রয়েছেন। এ বিষয়ে বিজিবি আরও খোঁজ নিচ্ছে।
