কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে রক্তবমির পর মারা যাওয়া সেই হাতিটিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে ময়নাতদন্ত প্রতিবেদনে।
বুধবার (১৯ মার্চ) কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন এ প্রতিবেদন দিয়েছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম জানান, হাতিটি মারা যাওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হাতিটিকে কে বা কারা গুলি করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তারা উখিয়ার ইনানী সংরক্ষিত বনে জাকিরের ঘোনায় একটি খামারবাড়ি থেকে দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে। পরে বন্দুকটি উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। হাতি হত্যাকারীদের সনাক্তের পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য মতে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার জুমছড়ি সংরক্ষিত বনে একটি বন্যহাতির মৃত্যু হয়। ওই সময় রক্তবমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বনকর্মীরা তখন জানিয়েছিলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্তবমি করতে করতে জুমছড়িতে গিয়ে মারা গেছে। হাতিটি বেশকিছুদিন ধরে অসুস্থ ছিল।
উল্লেখ্য, এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে ও ২০২৩ সালের ২৭ নভেম্বর দুটি হাতির মৃত্যু হয়। পাহাড়ি বনে, এভাবে একের পর এক হাতির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।
