ইসরায়েলি নতুন তাণ্ডবের প্রথম জবাব, তেল আবিবে রকেট হামলা হামাসের

আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৯:৪৬

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটিই প্রথম প্রতিক্রিয়া।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা তেল আবিব শহরে 'এম-৯০' রকেট ছুড়েছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। একটিকে বাধা দেওয়া হয়েছে এবং দুটি একটি খোলা জায়গায় পড়েছে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭০ জনেরও বেশি ছাড়িয়ে গেছে। তবে এই সংখ্যা আরও বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিএনএন জানিয়েছে, গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো। মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণও শুরু করে ইসরায়েল।

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছ থেকেও রাতারাতি ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত সংগঠনটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নতুন করে যুদ্ধ শুরু হওয়ার প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙার পর এটি ছিল তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

অপরদিকে, গতকাল বুধবার জেরুজালেমে বিক্ষোভকারীদের ক্রোধের মুখোমুখি হন বেনিয়ামিন নেতানিয়াহু। হাজার হাজার মানুষ ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বাইরে নতুন করে সংঘাতের বিরোধিতা করতে জড়ো হন।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি ক্ষমতাসীয় থাকতে, জোটকে টিকিয়ে রাখতে যুদ্ধ পুনরায় শুরু করছেন। গাজা যুদ্ধ নিয়ে বিভক্তির কারণে দীর্ঘদিন ধরে তার জোট সরকার ভেঙে পড়ার হুমকিতে রয়েছে।

ইত্তেফাক/এসকে