আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান আজারবাইজানকে একটি শান্তি চুক্তিতে সই করতে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ চার দশকের সংঘাতের অবসান ঘটাতে গত সপ্তাহে একমত হয়েছে ককেশাস অঞ্চলের দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) টেলিগ্রাম পোস্টে এ আহ্বান জানানো হলো।
আজারবাইজানের আর্মেনীয়-জনবহুল অঞ্চল কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে দুইবার যুদ্ধে জড়িয়ে পড়ে দেশ দুটি। সোভিয়েত ইউনিয়নের শেষের দিকে একবার এবং ২০২০ সালে একবার এ যুদ্ধ সংঘটিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান সামরিক অভিযানের মাধ্যমে পুরো অঞ্চল দখল করে নেয়।
উভয় দেশই বারবার বলেছে, তাদের দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে একটি বিস্তৃত শান্তি চুক্তি সম্ভব। কিন্তু আগের সব আলোচনায় তারা খসড়া চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
গত সপ্তাহে দুই দেশ জানিয়েছে, তারা সংঘাত সমাধানের জন্য আলোচনা শেষ করেছে। উভয় পক্ষই সম্ভাব্য চুক্তির বিষয়ে একমত হয়েছে।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বৃহস্পতিবার টেলিগ্রাম পোস্টে বলেছেন, আর্মেনিয়া-আজারবাইজান শান্তি চুক্তির খসড়ায় একমত হয়েছে এবং সই করার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, আমি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে প্রস্তাব করছি, একমত হওয়া খসড়া শান্তি চুক্তিতে সই করার জন্য যৌথ আলোচনা শুরু করুন।
সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিটি ওই অঞ্চলের একটি বড় অগ্রগতি হবে। কেননা সেখানে রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে।

