ঈদ বোনাসের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রসিক প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় রসিক মিলনায়তনে প্রশাসকের সাথে কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়। ঈদে বোনাস হচ্ছেনা এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কর্পোরেশনের প্রত্যেক বিভাগের অস্থায়ী কর্মচারীরা বৈঠক শেষে সিটি কর্পোরেশন প্রাঙ্গনে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। ঈদের আগে বোনাস দেওয়ার দাবিতে তারা শ্লোগান দিতে থাকে। কর্মচারীদের বিক্ষোভের কারণে সেবা নিতে আসা নাগরিকরা বিপাকে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কর্পোরেশনের একাধিক অস্থায়ী কর্মচারী জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অস্থায়ী কর্মচারীদের বোনাস প্রদানের কথা জানিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার প্রশাসক জানিয়ে দিয়েছেন নিয়ম না থাকায় বোনাস পাবে না অস্থায়ী কর্মচারীরা।
কর্মচারীরা বলেন, পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের সকল মেয়র ও প্রশাসকের আমলে বোনাস পেয়ে ঈদ করেছেন। কিন্তু প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণে কর্মচারীদের বোনাস দেওয়া হচ্ছেনা। প্রশাসক অস্থায়ী কর্মচারীদের বোনাসের ব্যবস্থা না করলেও দুর্নীতি মামলার দায়ে অভিযুক্ত বরখাস্ত সাবেক কর্মচারীদের নতুন করে নিয়োগ দিয়েছেন। তারা অবিলম্বে তাদের বোনাস প্রদানের দাবি জানান।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন,আমরা অস্থায়ী কর্মচারীদের দাবি মেনে নিয়েছি। তাদের ফাইল স্বাক্ষর হয়েছে। এখন চেক দেওয়াটা বাকি আছে।
