নৌকাডুবির ৩ দিন পর সুগন্ধা নদীতে মিললো শিশুর লাশ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৫:৩৫

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের তিনদিন পর শিশু রায়হান মল্লিকের (১০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) সকালে নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। নিহত রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক। নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে সে। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি নদীতে ডুবে যায়। জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ঘটনার তিন দিন পর আজ শুক্রবার সকালে পার্শ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসএএস