ছিনতাইকারী সন্দেহে ধাওয়ায় ৩ যুবকের বুড়িগঙ্গায় ঝাঁপ, পাড়ে উঠে পিটুনিতে নিহত ১

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৬:৩৬

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে আহত হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন আরও দুজন।

শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চকবাজারের চম্পাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানা সূত্রে জানা যায়, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে কয়েকজনকে স্থানীয়রা ধাওয়া করে। তখন ছিনতাইকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গেলেও তিনজন নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসেন। এ সময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয়রা তাদের মধ্যে দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্য একজন পালিয়ে যান। একই ঘটনায় কেরানীগঞ্জ থানার পুলিশ গণপিটুনির শিকার আরও এক ছিনতাইকারীকে আটক করে। তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করেছে। তার অবস্থাও গুরুতর।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ছিনতাইকারীদের বয়স ২০ থেকে ২৫ বছর হবে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, চকবাজার এবং কেরানীগঞ্জ থানার পুলিশ ভোরে আহত অবস্থায় তিনজকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি বলেন, ‘চকবাজার থানা পুলিশ গণপিটুনির শিকার দুইজনকে এবং কেরানীগঞ্জ থানা পুলিশ একজনকে নিয়ে আসে। তাদের মধ্যে চকবাজার থানা পুলিশের আনা একজন মারা গেছেন।’

ইত্তেফাক/এমএএস