স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশে দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, শরীফ মাহমুদকে আদালতে হাজির করা হলে তাঁর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ বলেন, ‘আটক শরীফ মাহমুদকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সরকারি ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি মামলা রয়েছে। আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা পরবর্তী করণীয় ঠিক করবে।’
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জড়িত শিক্ষার্থীরা নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদের সই করা চিঠিতে কারফিউ জারি হয়েছিল।
শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বর্তমানের তিনি চট্টগ্রামে কর্মরত আছেন।
