শিংলয়ে নেহু বিশ্ববিদ্যালয়ের ভেতরটা বিশাল। ভেতরে ফুয়েল পাম্প রয়েছে। একাধিক মাঠ রয়েছে। পাহাড়ের মতো উঁচু-নিচু জমি। গাড়ি একদিক ভুল করলে আবার ঘুরে আসতে হয়। ফুটবল দল নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম দিনের অনুশীলন করল। প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই ফুটবলারদের।
মাঠের গেটে পাহারা বসানো হয়েছে। ঢুকতে দেওয়া হচ্ছে না। যেসব সংবাদমাধ্যম মাঠে পৌঁছাতে দেরি করে ফেলেছে তারাও আর মাঠে প্রবেশ করতে পারেনি। ফুটবল দলের অনুশীলন শেষ। সন্ধ্যা গড়িয়ে গেছে। তখন কথা বলেছেন ম্যানেজার আমের খান এবং কোচ হ্যাভিয়ের কাবরেরা।
আমের খান যেসব সমস্যার কথা তুলেছিলেন সেসব নিয়ে প্রশ্ন উঠে কোচের কাছে। হ্যাভিয়ের কাবরেরা সেসব নিয়ে ভাবছেন না। তার কাছে এগুলো খুব বেশি ম্যাটার করে না। অনুশীলনে মাঠ চূড়ান্ত না হওয়া, হোটেল সমস্যা। সবই নিছক মনে করেন। তিনি খেলা নিয়ে ব্যস্ত রয়েছেন বলে ইত্তেফাককে জানিয়েছেন।
অনুশীলন শেষ করে গাড়িতে উঠছিলেন ফুটবলাররা। তখনই কথা বলেন কোচ। কাবরেরা বলেন, 'সমস্যা থাকবে। আমি সেটা ভাবি না। আমরা খেলার মধ্যে থাকতে চাই।'
