নিলামে বিক্রি হলো টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১৯:৪১

টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি নিলামে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এক্স (X) নামে নিয়ে আসেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এরপর সান ফ্রান্সিসকোর সাবেক সদর দপ্তর থেকে আগের লোগোটি সরিয়ে ফেলা হয়।

বিরল এবং সংগ্রহযোগ্য জিনিসপত্র বিক্রি করে এমন প্রতিষ্ঠান 'আরআর অকশন' জানিয়েছে, ২৫৪ কিলোগ্রাম ওজনের লোগসহ সাইনবোর্ডটির মাপ ১২ ফুট বাই ৯ ফুট। এটি ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে। এতে ক্রেতার নাম উল্লেখ করা হয়নি।

সান ফ্রান্সিসকোর সাবেক সদর দপ্তরে টুইটারের আইকনিক নীল পাখির লোগোটি। ছবি: সংগৃহীত

ইলন মাস্ক আগেও প্রাক্তন টুইটারের আরও কিছু জিনিস নিলামে তুলেছিলেন। এর মধ্যে ছিল সাইনবোর্ড এবং স্মারক থেকে শুরু করে রান্নাঘরের সরঞ্জাম এবং অফিসের আসবাবের মতো সাধারণ জিনিসপত্র।

নিলামে উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি হওয়া অন্যান্য জিনিসপত্রের মধ্যে রয়েছে, অ্যাপল-১ কম্পিউটার, যার আনুষাঙ্গিক সামগ্রী ৩,৭৫,০০০ ডলারে বিক্রি হয়েছে। ১৯৭৬ সালে স্টিভ জবসের অ্যাপল কম্পিউটার কোম্পানির একটি চেক ১১২,০৫৪ ডলারে এবং প্যাকেজে সিল করা প্রথম প্রজন্মের আইফোন ৮৭,৫১৪ ডলারে বিক্রি হয়েছে।

ইত্তেফাক/এসকে