সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই: সারজিস আলম

আপডেট : ২২ মার্চ ২০২৫, ২১:২৩

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।  

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশনাল রিপোর্টস ফোরাম (আরডিআরএফ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই। অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো ক্ল্যাশ নেই। একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের ক্ল্যাশ লাগানোর জন্য উঠেপড়ে লেগেছে। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’

মব জাস্টিস ও ন্যায়বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘দেশের স্থিতিশীলতার জন্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। কারণ, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। নির্বাচনের রোড ম্যাপ ঠিক হয়ে গেলে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারবো। সংস্কারগুলো কোন পর্যায়ের হবে তাও ঠিক হয়ে যাবে।’

এ সময় রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সারজিস।

একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে।’ গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, আরডিআরএফ সভাপতি তামজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার। 

ইত্তেফাক/এসএএস