মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থী নাসিফের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৫, ২২:১৭

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. আব্দুল্লাহ ওমর নাসিফ নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এম.এস. শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নাসিফ যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নাসিফ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স অধ্যয়নরত ছিলেন তিনি। 

নাসিফের চাচা রেজা নুর জানান, ছোট থেকে নাসিফ খুব মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। তার অকাল প্রয়াণে পরিবারের সবাই ভেঙে পড়েছেন। 

শুক্রবার বিকালে নাসিফের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মেধাবী এই শিক্ষার্থী ব্রেইন স্ট্রোক করে মারা যাওয়ায় পরিবার, এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

ইত্তেফাক/এসএএস