নিউমোনিয়ার জন্য পাঁচ সপ্তাহ হাসপাতালে থাকার পর নিজ বাসভবনে ফিরে যাচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস। ইতালি সময় রোববার (২৩ মার্চ) বিকালের দিকে তিনি হাসপাতাল ছড়বেন বলে আশা করা হচ্ছে।
ভ্যাটিকান জানিয়েছে, আজ ৮৮ বছর বয়সী পোপকে হাসপাতালের বাইরে শুভাকাঙ্ক্ষীরা আশীর্বাদ করবে। এটি হবে ১৪ ফেব্রুয়ারির পর তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।
স্থানীয় সংবাদমাধ্যগুলো বলছে, গতকাল শনিবার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, 'পোপ খুব খুশি যে, তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে।'
শনিবার জেমেলি হাসপাতালে সাংবাদিকদের সাথে কথা বলার সময় চিকিৎসক বলেন, রোববার পোপ ভ্যাটিকানের সেন্ট মার্থার বাসভবনে ফিরে যাবেন। নিজের বাসায় থাকলে তার আরও অগ্রগতি হবে।
চিকিৎসক বলেন, অদ্ভুত মনে হলেও সত্য যে, হাসপাতাল শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের জন্য সবচেয়ে খারাপ জায়গা। এটি এমন একটি জায়গা যেখানে কেউ আরও সংক্রমণে আক্রান্ত হতে পারে।
এদিকে, বিশ্বব্যাপী ক্যাথলিক এবং অন্যান্যরা পোপের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। অনেকে জেমেলি হাসপাতালের বাইরে ফ্রান্সিসের জন্য ফুল, মোমবাতি এবং চিঠি রেখে যাচ্ছেন।
