সাভারে ঈদের ছুটি বৃদ্ধি, বন্ধ কারখানা খুলে দিয়ে শ্রমিকদের ওভারটাইম পরিশোধ এবং দাবি আদায়ের আন্দোলনের সময় আটক শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন স্থানীয় জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার কয়েকশ শ্রমিক।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানার দুই হাজার শ্রমিক ঈদের ছুটি বৃদ্ধিসহ ওভারটাইম পরিশোধের দাবিতে আন্দোলন ও কর্মবিরতি পালন করে আসছিলেন। এ নিয়ে দফায় দফায় শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না হওয়ায় কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে, সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা পাশের হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আধাঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সড়কের পাশে অবস্থান নিয়ে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যান।
কারখানার শ্রমিক ইমরান বলেন, আমরা মালিক পক্ষের কাছে চলতি মাসের পুরো বেতন চেয়েছি, কিন্তু মালিক পক্ষ বলছে ২০ দিনের বেতন দেবে। এরপর আমরা বলেছি, ২০ দিনের বেতন দিয়ে ওভারটাইমের টাকা এবং ১০ দিন ছুটি দিতে হবে। কিন্তু মালিকপক্ষ আমাদের দাবি না মেনে উল্টো আন্দোলনের ঘটনায় ৬৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং গত রাতে ৬ জন শ্রমিককে পুলিশ ধরে নিয়ে গেছে।
বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, আগামী ৬ মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং পুরোনো ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে।
শ্রমিকদের আটকের বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে ৬ জন আটকের বিষয়টি সঠিক নয়।
