একদিনের ব্যবধানে দুই চালককে অপহরণ, পুলিশি পাহারায় চলছে পণ্যবাহী গাড়ি

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২১:৪০

খাগড়াছড়ির রামগড়ের জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় একদিনের ব্যবধানে খাগড়াছড়িগামী পণ্যবাহী দুই গাড়ির চালককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর মুক্তিপণের বিনিময়ে এক চালক ছাড়া পেলেও অন্যজনকে এখনও আটকে রেখেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত অপহৃত চালককে উদ্ধারে যৌথ অভিযান চলছে। এ অবস্থায় রামগড় জালিয়াপাড়া সড়কে পণ্যবাহী যানবাহনগুলো পুলিশের নিরাপত্তা প্রহরায় পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন।

অপহৃতরা হলেন- ইমাম উদ্দিন ও খায়রুল ইসলাম। এদের মধ্যে মুক্তিপণে ছাড়া পেয়েছেন ইমাম উদ্দিন। খায়রুল ইসলামকে এখনও আটকে রেখে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানা যায়, গত রোববার ঢাকা থেকে গুঁড়ো দুধের চালান খাগড়াছড়ি সদরে যাওয়ার পথে রামগড়ের যৌথখামার এলাকায় কাভার্ডভ্যানের গতিরোধ করে পার্বত্য এলাকার একটি আঞ্চলিক সংগঠনের সদস্যরা।

এসময় তারা চালক খাইরুল ও সহকারি সুজন মিয়াকে (৩০) অপহরণ করে নিয়ে যায়। পরে ৫ লাখ টাকা দিলে চালক মুক্তি পাবে- এ বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে গাড়ির হেলপারকে ছেড়ে দেওয়া হয়। এর একদিন আগে শনিবার একই এলাকা হতে দীঘিনালাগামী ডিমবোঝাই ট্রাক থামিয়ে চালক ইমাম উদ্দিনকে (৩৮) অপহরণ করে দৃর্বৃত্তরা। অপহরণকারীরা তার মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পান তিনি।

মঙ্গলবার দুপুরে ইমাম উদ্দিন বলেন, ট্রাক মালিকের কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। মুক্তিপণ পাওয়ার পর দুর্বৃত্তরা আমাকে ছেড়ে দেয়।

এদিকে কাভার্ডভ্যানের মালিক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদ নগরের বাসিন্দা আসাদুজ্জামান মোল্লা মোবাইল ফোনে জানান, অপহরণকারীরা চালকের মোবাইল থেকে ফোন দিয়ে তার মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। তিনি অপারগতা জানালে এক লাখ টাকা পাঠাতে বলে তারা। তাদের কথা অনুযায়ী বিকাশের মাধ্যমে প্রথমে ৫০ হাজার টাকা এবং সোমবার রাতে আরও ৫০ হাজার টাকা পাঠানো হয়। এক লাখ টাকা পাঠানোর পরও চালককে ছাড়েনি তারা। এখন আরও এক লাখ টাকা দাবি করছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা চালক খাইরুলকে বেদম মারধর করছে। মোবাইলে কল দিয়ে তার কান্নাকাটি শুনাচ্ছে।

মঙ্গলবার রামগড়ে বিজিবি জোনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় অপহরণের বিষয়টি আলোচিত হয়। সভায় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, অপহৃত চালককে উদ্ধারে অভিযান চলছে। কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে উদ্ধার কিছুটা দেরি হচ্ছে।

সভায় রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, অপহৃতকে উদ্ধারে যৌথ অভিযান চলছে। এছাড়া রামগড় জালিয়াপাড়া সড়কে পণ্যবাহী যানবাহনগুলো পুলিশের নিরাপত্তা প্রহরায় পৌঁছে দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসএ/এপি