গাজায় একদিনে ২৫ ফিলিস্তিনিকে হত্যা, আহত ৮২

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৬:৩৭

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকজন হতাহত লোক এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ সবশেষ গত মঙ্গলবার জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে।

সংস্থাটি জানায়, মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে। এখানে খাবার, পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব।

ইত্তেফাক/এসকে