গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে নিহতের সংখ্যা ৫০ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, গাজার মধ্যাঞ্চলে একটি ব্যস্ত বাজারে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন। এতে করে গত একদিনে এই যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তাদের হিসেবে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারানো মানুষের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু ফিলিস্তিনি আটকা পড়ে আছেন, যাদের বেশিরভাগকেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি।
এদিকে, ইসরায়েলি বাহিনীর হামলা গাজা জুড়ে অব্যাহত রয়েছে। আল জাজিরা আরবির সাংবাদিক ও ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাজার জেইতুন এলাকায় আওয়াদ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।
