ঈদের ছুটিতে বাবার মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিন বছরের ফুটফুটে শিশু আহনাব ইব্রাহিম। তাদের সঙ্গে ছিলেন মা ইতি খাতুন (৩০)। কিন্তু ট্রাকের ধাক্কায় বাড়ি ফেরা হলো না মা-ছেলের।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের গোলচত্ত্বরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আব্দুল কাদের সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়া শহরের একটি ফিড কোম্পানিতে চাকরি করেন আব্দুল কাদের সিদ্দিকী। তার বাড়ি কুষ্টিয়ার কোর্টপাড়া এলাকায়। ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে স্ত্রী-পুত্রসহ বাড়ি ফিরছিলেন তিনি। মোটরসাইকেলটি কুষ্টিয়া-দাশুড়িয়া জাতীয় মহাসড়ক সংলগ্ন কুষ্টিয়া বাইপাস সড়কের গোলচত্ত্বরে পৌঁছালে সবজিবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ইতি খাতুন ও শিশু পুত্র আহনাব ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আব্দুল কাদের সিদ্দিকী গুরুতর আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সবশেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সৈয়দ আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
