অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রধান হওয়ার দৌড়ে ছিলেন দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। যদিও কল্যাণ চৌবের বিপক্ষে ভোটে হেরে সেই সুযোগ পাননি। তবে কার্যকরী কমিটির সদস্য হয়েছেন তিনি। ফেডারেশনের বর্তমান অবস্থা নিয়ে অসন্তুষ্ট ভারতের সাবেক এই অধিনায়ক।
এমন অবস্থায় চলতে থাকলে আগামী এক হাজার বছরেও ভারতের ফুটবলের কোনো উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বাইচুং। ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভিশন ২০৪৭ খাতায়-কলমে আছে। কল্যাণ চৌবে এটা খাতায় কলমেই রেখেছে। এমন চলতে থাকলে ২০৪৭ নয়, ৩০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে।'
দেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে বেশ হতাশ বাইচুং। তিনি আরও বলেন, 'আমি মর্মাহত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আছি। কিন্তু এখানে লোকজনদের পরিকল্পনা শুনলে সত্যি খুব ভয় করে। আমাদের এমন কর্মী প্রয়োজন যারা কাজের প্রতি দায়বদ্ধ। ফুটবলের উন্নয়ন করতে হলে প্রয়োজন পরিশ্রমী মানুষ।'
তৃণমূল ফুটবলে বেশি জোর দিতে হবে জানিয়ে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'তৃণমূল স্তরে কাজ করতে হবে আমাদের। আমি জানি এখন কেমন কাজ হয়। চাপ তৈরি হলে রাজ্যগুলো তৃণমূল স্তরে কাজ করে। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে কাজ হয়। কিন্তু সেটা ১৫ থেকে ২০ দিনের জন্য মাত্র।'
ভারতীয় ফুটবলারদের বিদেশি ক্লাবে খেলার পরামর্শ দিয়েছে বাইচুং। তিনি বলেন, 'ভারতের বাইরে গিয়ে খেলতে হবে। এখানে খেলতে অভ্যস্ত হয়ে গেছে ফুটবলাররা। অন্য দেশের তুলনায় ভালো টাকাও পাচ্ছে। কিন্তু আমাদের দেশের ফুটবলারদের বিদেশে যেতে হবে। টাকার কথা ভাবলে চলবে না। সেখানে গিয়ে শিখতে হবে। এমন দেশে যেতে হবে, যারা ভারতের চেয়ে এগিয়ে। সেখানে গিয়ে শিখে ফিরে এসো। তরুণদের বিশেষ করে এই চেষ্টা করতে হবে।'
