ময়মনসিংহে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সহকারী চালক আহত

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:৪৯

ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সহকারী চালক হাফিজুর রহমান আহত হয়েছেন। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনের মাধ্যমে বিকল্প সহকারী চালক এনে ট্রেনটি পুনরায় চালু করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ট্রেনের সহকারী চালক হাফিজুর রহমান জানান, ট্রেনটি গৌরীপুর স্টেশন থেকে ছাড়ার ১ মিনিটের মধ্যেই তিন যুবক ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। তখনও ট্রেনটি সিগনাল পার হয়নি। এ সময় তিনি ইঞ্জিনের জানালা বন্ধ করতে গেলে পাথরের আঘাতে তার ঠোট-মুখ ফেটে রক্ত বের হতে থাকে। পরে ট্রেনের প্রধান চালক এনামুল কবির ট্রেনটি থামিয়ে গৌরীপুর স্টেশনে ফিরিয়ে নিয়ে আসে।
 
ট্রেনটির পরিচালক আমিনুল ইসলাম জানান, ট্রেনটি ১৫টি বগিতে প্রায় ৫শ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। প্লাটফরম পার হওয়ার মাত্রই ১৫-২০ বছরের ৩টি ছেলে ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে সহকারী চালক হাফিজুর রহমান আহত হন। 

পরে ময়মনসিংহ থেকে বিকল্প সহকারী চালক আসলে ট্রেনটি রাত একটার দিকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

গৌরীপুর রেলওয়ে থানার উপসহকরী ইন্সপেক্টর মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এসএএস