টাকা নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৫:৪০

চুয়াডাঙ্গায় শোয়েব রিগান নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার রাহেলা খাতুন গার্লস একাডেমির পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি ওই যুবককে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই সড়ক দিয়ে জেলা শহরে ঢুকছিলেন এক ভ্যানচালক। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় এক যুবককে রাস্তার পাশের ড্রেনের ওপর পড়ে থাকতে দেখেন। পরে আহত রিগানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। 

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহাবুল ইসলামের দাবি করে বলেন, প্রতিপক্ষ ছাত্রলীগ গ্রুপের কয়েকজন রিগানকে এলোপাথাড়ি কুপিয়েছে।

শাহাবুল ইসলাম আরও বলেন, প্রতিপক্ষ ছাত্রলীগ গ্রুপের কয়েকজনের সঙ্গে বশির নামের এক ছাত্রলীগ কর্মীর টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে প্রতিপক্ষরা বশিরকে তুলে নিয়ে যায়। পরে রিগান টাকা পরিশোধ করে বশিরকে ফিরিয়ে আনতে যায়। এরই মধ্যে রিগানকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে গতকাল দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গার এনডিসি সিব্বির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ ছাত্রলীগ নেতা শোয়েব রিগানের জবানবন্দি নিয়েছেন। তাকে রাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা উত্তর সিটির মশক ও পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফুল কবীর জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, ভারি ও ধারালো অস্ত্র দিয়ে রিগানের হাত, পা ও ঘাড়ের কিছু অংশে কুপিয়ে জখম করা হয়েছে। চার ব্যাগ রক্ত দেওয়ার জন্য বলা হয়েছে। 

ইত্তেফাক/অনি