শিশু সুমাইয়ার ঈদযাত্রা থেমে গেল বাসচাপায়

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৪:৩৪

ঈদের বাকি আর মাত্র দুদিন। নতুন পোশাকে ঈদ কাটাতে মা-বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিল সাত বছরের শিশু সুমাইয়া। কিন্তু ছোট্ট শিশুটির সেই ঈদযাত্রা থেমে গেছে ঘাতক বাসের চাপায়।

শনিবার (২৯ মার্চ) সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতু সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উদযাপনের জন্য মা-বাবার সঙ্গে ঢাকা থেকে বাসে করে নিজ বাড়ি শান্তিগঞ্জের নোয়াগাঁও ফিরছিলেন শিশু সুমাইয়া। শনিবার সকাল ৭টার দিকে তারা শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হতে যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা থেকে আসা সুনামগঞ্জগামী দূরপাল্লার একটি বাস সুমাইয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা প্রাণ হারায় সুমাইয়া।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। এতে আহসানমারা সেতুর দুই পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশু সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি