ঈদের কেনাকাটা নিয়ে যাচ্ছিলেন মামাবাড়ি, সড়কে ঝরলো ৩ সহোদরের প্রাণ

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৫:৫৬

বরগুনার পাথরঘাটায় মামার বাড়িতে ঈদের নতুন পোশাক ও বাজার সদাই দিতে যাওয়ার পথে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আপন তিন ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বরগুনার পাথরঘাটা-ঢাকা সড়কের পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), শান্ত (১৪) এবং নাদিম (৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাসটি। সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মঠবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হন। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যায়। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া, ছোট দুই ভাই শান্ত এবং নাদিম পড়াশোনা করতেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ঘটনা পরপরই সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ বরগুনা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বাসটি জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস