লক্ষ্মীপুরে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় মা-ছেলের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৭:৪৯

লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাসচাপায় জুথী আক্তার (২০) ও তার দেড় বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শরিফ হোসেনসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল ও নিহত জুথীর বাবা রহমত উল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকায় শাহী পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুথী সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টারহাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও নিহত সিয়াম তাদের ছেলে। আহত অন্যরা হলেন- শরীফের ভাগিনা রাজা মিয়া ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তবে চালকের নাম জানা যায়নি। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

নিহত জুথীর বাবা রহমত উল্যার সঙ্গে কথা বলে জানা গেছে, জুথীর বুকে ব্যথা উঠলে অটোরিকশাযোগে তাকে সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। রিকশায় চালকসহ তার স্বামী শরীফ, ছেলে সিয়াম, ভাগিনা রাজা ছিলেন। ঘটনাস্থলে চেয়ারকোচ জোনাকি বাসকে ওভারটেক করার সময় শাহী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সবাই আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ঢাকা নেওয়ার পথে শিশু সিয়াম মারা যায়। জুথী ও তার ছেলের মৃতদেহ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে বাবার বাড়িতে নেওয়া হয়েছে।

সদর থানার ওসি মো. আব্দুল মোন্নাফ বলেন, এ ঘটনায় বাসচালককে আটক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এসএএস