সংস্কারের নামে জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছেন: রিজভী

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৯:৩৩

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একবার বলেন মার্চ, একবার জুন, একবার ডিসেম্বর। কেন অন্তর্বর্তীকালীন সরকার এ লুকোচুরি খেলছেন। সংস্কারতো চলমান প্রক্রিয়া। সংস্কারতো করবে নির্বাচিত সরকার। আপনারা সংস্কারের একটা প্রস্তাব দিতে পারেন।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় তারেক রহমানের নির্দেশে অসচ্ছল পরিবারের মাঝে ঈদসামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রুহুল কবির রিজভী বলেন, কেন গণপরিষদ দিতে হবে? বাংলাদেশ কি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গণপরিষদ তখনি হয় যখন একটি দেশ নতুন স্বাধীন হয়, স্বাধীন হবার পর যে দেশে আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না। তখন সেখানে একটি পরিষদ করে সংবিধান রচনা করা হয়। সরকার গঠন করা হয়। কিন্তু আমরা তো এই দেশ পেয়েছি ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে। এখানে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে? কারা বলতে চাচ্ছে। মূলত একটি রাজনৈতিক দল যারা ১৯৭১ সালে রাজনৈতিকভাবে অপরাধ করেছেন। সেই একাত্তরের স্মৃতি, ১৯৭১ এর বড় অর্জনকে দ্বিতীয় স্বাধীনতা ও গণপরিষদের নামে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চান তারা।

এই বিএনপি নেতা বলেন, একাত্তরে যাদের ভূমিকা বিতর্ক ছিল, যারা একাত্তরে অপরাধমূলক ভূমিকা পালন করেছে তারা না হয় তাদের ভূমিকা মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় স্বাধীনতাসহ নানা কথা বলছেন। কিন্তু যারা বৈষম্যবিরোধী ছাত্রনেতা ছিলেন, নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যদি এইসব কথা বলেন, তবে আমাদের বড় প্রশ্ন জাগে? আপনারা কার কথায় এসব বলছেন? আপনাদের এসব কথা বলা ঠিক না।

এই বিএনপি নেতা বলেন, যারা আওয়ামী লীগের দোসর, অন্যায় যারা করেছে, র‌্যাব-পুলিশ গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু তরুণদের হত্যা করা হয়েছে। যে রক্তাক্ত জনপদ তৈরি করেছিল শেখ হাসিনা। সেই হাসিনাসহ দোষীদের বিচার করতে এতোদিন লাগবে কেন? আর বিচারের নামে জনগণের অধিকার কেন কেড়ে নেওয়া হবে? জনগণ কেন তার নির্বাচিত জনপ্রতিনিধি করতে পারবে না?

ইত্তেফাক/এমএএস