দীর্ঘদিনের মধ্যস্থতার পর কক্সবাজারের টেকনাফ নাফ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ মার্চ) দুপুরে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে ওই ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।
ফেরত আসা জেলেরা হলেন—সোহেল (১৮), ইসমাইল (৪০), মো. জসিম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩), মো. সাহিন। এরা সবাই টেকনাফ চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।
গত ১ মার্চ বিকেলে আনুমানিক ৭০০ গজ মিয়ানমারের ভেতরে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ বাংলাদেশি জেলে আটক করে। পরবর্তীতে ২৫ মার্চ আরও একজনসহ মোট ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় আরকান আর্মি। পরে তাদের সঙ্গে যোগাযোগ করে ছয় বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করা হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
