ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার জেরে বন্ধুকে খুন, আটক ১ 

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৬:১৫

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় বাগ্‌বিতন্ডার জেরে নাইম বাদশা (১৭) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাল্যবন্ধু সবুজ আহমেদ।

শনিবার (২৯ মার্চ) উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক নাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদ (২০) নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, সবুজ আহমেদ গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করে। নিহত নাইম বাদশা ও সবুজ বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছে। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়।

শনিবার সকালে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে তাদের বাগ্‌বিতন্ডা হয়। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করে ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই মারা যায় নাইম।

এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার পুলিশের ওসি সোহেল রানা জানান, অভিযুক্তকে আটক করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এসএএস