ক্লান্তি স্পর্শ করতে পারেনি হামজাকে 

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:০৪

শুক্রবার রাতে কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নেমেছিল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে আগে হামজার খোঁজ করেছিলেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তাতে বোঝা যায় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন হামজা। কোচের পরিকল্পনার অনেকটা জুড়ে আছেন বাংলাদেশি এই ফুটবলার। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে যে স্কোয়াডে থাকবেন হামজা, সেটা হয়তো কেউই আঁচ করতে পারেনি। উলটো অনেকে অবাকই হয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখে। তখনো অনেকের মনে শঙ্কা ছিল। ১৬ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি নিয়ে ম্যাচ খেলে নিজের সেরাটুকু কি দিতে পারবেন হামজা? 

ম্যাচের শুরু থেকে যেভাবে খেলেছেন হামজা, তাকে দেখে বোঝার অবকাশ ছিল না শেষ ১০ দিন কী গেছে তার ওপর দিয়ে। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচে ৮৯ মিনিট খেলেছিলেন হামজা। যতক্ষণ তিনি মাঠে ছিলেন ততক্ষণ কোনো গোলই হজম করেনি তার দল। মাঠ থেকে উঠে যাওয়ার সময় কোচ ক্রিস ওয়াইল্ডার বুকে জড়িয়ে নিলেন হামজাকে। ম্যাচে শুধু ডিফেন্স লাইন নয়, পুরো মাঠে দাপটের সঙ্গে খেলেছিলেন হামজা। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল শেফিল্ড। তাতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে এসেছে দলটি। 

তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে হামজার পারফরমেন্স। যেন ক্লান্তি ছুঁতে পারছে না তাকে। অথচ গেল ১৬ তারিখ শেফিল্ড ডার্বিতে দলকে জিতিয়ে ধরেন বাংলাদেশের বিমান। ১৭ তারিখ দেশের মাটিতে পা রেখে লাখো ভক্ত-সমর্থকের ভালোবাসায় সিক্ত হন হামজা চৌধুরী। তখন দেশের ক্রীড়াঙ্গন বুঁদ হয়ে ছিল হামজা বন্দনায়। 

২৫ তারিখ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হয় হামজার। তাতে নতুন পরিচয় পান হামজা। তাকে এখন ডাকা হয় বাংলাদেশি ফুটবলার বলে। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্স থেকে যখনই হাজমার নাম উচ্চারণ করা হতো, তখন সেই সঙ্গে বাংলাদেশ নামওটা উচ্চারিত হতো। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসান শেফিল্ড বস ক্রিস ওয়াইন্ডার। 

এই বাংলাদেশিকে নিয়ে তিনি বলেন, 'তিন দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছিল না। তার টি-শার্টগুলো উড়ছিল। সে অনুশীলনে ছিল না। গত রাতে সে ফিরে এসেছিল। যার কারণে তার সঙ্গে আমাদের সমস্ত কৌশলগত কাজ দূর থেকে করতে হয়েছিল। যদিও সে আজ তাড়াতাড়ি এসেছিল এবং অসাধারণ খেলেছে। ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।'

ইত্তেফাক/জেডএইচ