ময়মনসিংহের ভালুকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়েছে মিনিবাস। এতে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় ময়মনসিংহগামী লেনে চ্যাম্পিয়ন পরিবহণের একটি মিনিবাস ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মিনিবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় একজন অজ্ঞাত বৃদ্ধা প্রাণ হারান। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
