চট্টগ্রামের লোহাগড়ায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। দুর্ঘটনায় নিহত পাঁচজনই ব্যবসায়ী।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের পুত্র রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার পুত্র আরফাত হোসেন (২১), পদুয়া ইউনিয়নের চকোরিয়া পাড়ার নুরুল ইসলামের পুত্র নাজিম উদ্দিন (২৫), লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়ার আমির হোসেনের পুত্র জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের পুত্র মো. সিদ্দিক (২০)। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতরা কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রামের লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, সোমবার সকালে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে লোহাগাড়াগামী টেকনাফ পরিবহনের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় উভয় বাসের সম্মুখ ভাগ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আহত ৯ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশংকাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সোয়া ৮টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে লোহাগাড়াগামী টেকনাফ পরিবহনের একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ৫ জন নিহত হয় এবং অন্তত ৯ জন আহত হয়।
